বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং নৈপুণ্যে প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের কোয়ালিফাইং রাউন্ড নিশ্চিত করলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। মাহমুদুল্লাহর ৩ উইকেট ও অপরাজিত ৮ রানের সুবাদে লীগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে কোয়েটা ৬ উইকেটে হারিয়েছে করাচি কিংসকে।
গতরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় মাহমুদুল্লাহর দল। ইনিংসের শুরুটা ভালোই করেছিলো করাচি। ৪৭ বলে ৬৩ রানের উদ্বোধণী জুটিতে বড় সংগ্রহের পথ পেয়ে যায় করাচি। কিন্তু ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে ৩ উইকেট তুলে নিয়ে করাচির রানের লাগাম টেনে ধরেন মাহমুদুল্লাহ। ফলে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করতে সমর্থ হয় করাচি। ৪ ওভারে ২১ রান দিয়ে মাহমুুদুল্লাহ শিকার করেছেন করাচির বাবর আজম, কুমার সাঙ্গাকারা ও শোয়েব মালিককে। বাবর ও সাঙ্গার উদ্বোধনী জুটিও ভেঙ্গেছেন মাহমুদুল্লাহ।
জবাবে ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৩ বলে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েন আসাদ শফিক ও আহমেদ শেহজাদ। পরবর্তীতে জয়ের বন্দরে পৌঁছাতে খুব বেশি সমস্যা হয়নি কোয়েটার। ১ ওভার বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে কুয়েট্টা। দলের পক্ষে শফিক ৫১ ও শেহজাদ ৫৪ রান করেন। ছয় নম্বরে ব্যাট হাতে ১টি চারে ৪ বলে অপরাজিত ৮ রান করেন মাহমুদুল্লাহ। ম্যাচের সেরাও হয়েছেন মাহমুদুল্লাহ।
ইত্তেফাক/রেজা
