ব্যস্ততা এখন গান নিয়ে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪১
 
‘শঙ্খচিল’-এ সফলতার পর অনেকদিন আর কোনো চলচ্চিত্র নিয়ে শিরোনামে নেই অভিনেত্রী কুসুম শিকদার। ছোটপর্দার ধারাবাহিক নাটক নিয়েই চলছে তার বর্তমান ব্যস্ততা। তবে অভিনয় অঙ্গনের পাশাপাশি তিনি এখন ব্যস্ত আছেন গান নিয়েও। শিগগিরই রিলিজ পাচ্ছে তার নতুন একটি একক গান।
 
কুসুম এ প্রসঙ্গে বলেন, ‘গানের প্রতি ভালোবাসা আগে থেকেই। পেশা হিসেবে নেওয়ার চিন্তা কখনো করিনি। তবে ভালোলাগা থেকে গান নিয়েও চলছি। এখন তো অ্যালবাম কেউ কেনে না। তাই একক গান করলাম। তবে গানের বিস্তারিত এখনই বলছি না। সবটা চমক হিসেবে থাকছে। কয়েকদিনের মধ্যেই গানটি আমি পাবো। এরপর প্রাথমিকভাবে ইউটিউবে রিলিজ দেবো। এরপর প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে মিউজিক ভিডিও করবো।’
 
কুসুমের শেষ ছবি ‘শঙ্খচিল’ বড় একটি বাজেটের ছিল। পাশাপাশি গৌতম ঘোষের মতো একজন গুণী নির্মাতার পরিচালনায় কাজ করেন তিনি। পরবর্তী চলচ্চিত্র করার আগে বড় বাজেট বা বড় নির্মাতার অপেক্ষায় আছেন কি-না?
 
এমন প্রশ্নে কুসুম বলেন, ‘এমনটা একদমই নয়। বাজেট বা নির্মাতার চেয়ে গল্পটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কম বাজেট বা নতুন নির্মাতার সাথেও আমি কাজ করতে চাই। যদি সেখানে গল্প ও আমার চরিত্রটা ভালো হয় তাহলে আমি কাজ করবো। এখন অনেক প্রস্তাব আসছে। কিন্তু যেহেতু আমি নিয়মিত কাজ করি না, তাই আমার পছন্দ মতো একটি গল্পের অপেক্ষায় আছি।’
 
ইত্তেফাক/আনিসুর