বাংলাদেশ ব্যাংকে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৮
 
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশ মার্চিং এহেড: ইমপ্লিমেন্টিং সাস্টেইনবেল ডেভেলপমেন্ট গোলস(এসডিজিএস) বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এবং পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ। 
 
সেমিনারে বাংলাদেশ ব্যাংক গভর্নর জনাব ফজলে কবির, ডেপুটি গভর্নরবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, নির্বাহী পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ড. খলিকুজ্জামান তাঁর প্রবন্ধে উল্লেখ করেন বিগত তিন দশকের ইতিহাসে সারা বিশ্বে যে সম্পদ সৃষ্টি হয়েছে তা কল্পনাতীত।  এক্ষেত্রে চিকিৎসা ও তথ্য প্রযুক্তিই ব্যাপক প্রসার ঘটে। বর্তমান বিশ্বে বড় সমস্যা যে অসাম্য, আয়  বৈষম্য তাও তিনি তাঁর প্রবন্ধে তুলে ধরেন। বিশ্বে তিনি যে হুমকিগুলো দেখেন তা হল  জলবায়ু পরিবর্তন, পারমাণবিক সমস্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাইরাল সমস্যা, সন্ত্রাসবাদ ও উন্নত বিশ্বের মন্দা।
 
দেশের অর্থনীতিতে তিনি জলবায়ুর  ও অভিঘাত, দুর্নীতি, অপচয় ইত্যাদি বিষয়কে চিহ্নিত করেন। তবে দেশের নারী-পুরুষ বৈষম্যে যে সাম্যতা সৃষ্টি হয়েছে তা অভূতপূর্ব বলে তিনি জানান। গ্রামীণ অর্থনীতিকে তিনি আমাদের জাতীয় প্রবৃদ্ধির মূল নিয়ামক শক্তি হিসেবে চিহ্নিত করেন। কৃষি খাতের বাহিরে ব্যক্তি উদ্যোগ, ক্ষুদ্র উদ্ভাবন, প্রযুক্তি প্রশিক্ষণ, বাজার তথ্য ইত্যাদি বিষয়গুলো জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বলে তাঁর প্রবন্ধে উল্লেখ করেন।
 
কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে গভর্নর ফজলে কবির শুভেচ্ছা বক্তব্যে বিশেষভাবে দেশে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোকপাত করেন। তিনি এক্ষেত্রে খাতভিত্তিক সুসম্পর্কের মাধ্যমে সকল মহলের দৃষ্টি দিতে আহবান জানান। 
 
ইত্তেফাক/আনিসুর