আফগানিস্তানের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিলো স্বাগতিক জিম্বাবুয়ে। তারপরও দমে যায়নি জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচে জিতে ব্যবধান ২-১ এ নিয়ে আসে তারা। আজ বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-২ সমতা আনলো জিম্বাবুয়ে।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নামে আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত হয় ৪২ ওভারে। জিম্বাবুয়ের বোলিং তোপ সামলাতে না পেরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। উইকেট হারানোর ধারাবাহিকতা অব্যাহত থাকায় শেষ পর্যন্ত ৩৮ দশমিক ৫ ওভারে ১১১ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের পক্ষে অধিনায়ক আসগার স্তানিকজাই ১৯, মোহাম্মদ নবী ১৭, সামিউল্লাহ শেনওয়ারি ১৩ ও হাসমতউল্লাহ শাহিদি ১২ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে ক্রিস এমপফু ২৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে বৃষ্টি আইনে ৪২ ওভারে ১০৫ রানের টার্গেট পায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্যে ৭৯ রানের উদ্বোধণী জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায় জিম্বাবুয়ের। দুই ওপেনার সোলোমন মাইর ৫০ বলে ৪৬ রানে ফিরলেও পিটার মুর অপরাজিত ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। ৩ উইকেটে ১০৭ রান করে জিম্বাবুয়ে। তখনো ম্যাচের ১১৮ বল বাকী ছিলো। আফগানিস্তানের নবী ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন জিম্বাবুয়ের এমপফু।
একই ভেন্যুতে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
ইত্তেফাক/মাহাদী
