পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নির্ধারিত স্থানে জনসভা করতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুমতি দেয়নি মমতা ব্যানার্জির রাজ্য সরকার। তাই ৩ এপ্রিলের জনসভার স্থান বদলাতে বাধ্য হয়েছেন মোদী। বিজেপি নেতারা জানিয়েছেন,পশ্চিমবঙ্গ সরকার স্থান বরাদ্দ দিতে অস্বীকার করলেও কোন কারণ দেখায়নি।
প্রধানমন্ত্রী মোদির জনসভার এই নতুন স্থানটি নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক পাশে রেলের মাঠে। শনিবার এই কথা জানান বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা যে স্থানটি আগে ঠিক করেছিলাম, সেখানে জনসভা করার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। সেই কারণেই আমাদের নতুন স্থানের অনুসন্ধান করতে হল। এবং, তার জন্য অনুমতিও পেয়ে গিয়েছি আমরা।’
এর আগে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি বা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন সমিতির একটি মাঠে প্রধানমন্ত্রীর জনসভা হবে বলে ঠিক করা হয়েছিল। কিন্তু, সেখানে জনসভা করার অনুমতি মেলেনি।
আরও পড়ুনঃ সৎ ভাই ধরে রাখে, সৎ মা দেয় গরম খুন্তির ছেকা!
‘এর আগেও এমন ঘটনা ঘটেছিল। আমাদের জনসভা করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু, জনসভা আটকে দিয়ে আমাদের বিজয়পতাকা ওড়ানো বন্ধ করতে পারবে না তৃণমূল’, বলেন দিলীপ ঘোষ।
এই রাজ্যে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পরপর দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় জনসভাটি হওয়ার কথা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
ইত্তেফাক/টিএস
