‌'সাজা হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া'

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, মিথ্যা মামলায় সাজা হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে শুধু অংশ গ্রহণই নয় বরং নির্বাচন সময়ে দলের ও জোটে নেতৃত্বও দিতে পারবেন। আজকে একটা ধারণা পরিষ্কার করে বলে দেই, বেগম খালেদা জিয়ার যদি সাজা হয়ে যায় তাহলে তো উনি আর নির্বাচনে অংশগ্রহণ  করতে পারবেন না। এটা কথা সঠিক নয়।  পরিষ্কার করে বলছি, মিথ্যা মামলায় খালেদা জিয়ার যদি সাজাও হয় তাহলে তার জনপ্রিয়তা আরো অনেক বেড়ে যাবে। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি আমার সঙ্গে দ্বিমত করবেন না।
 
শনিবার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। পিলখানার ট্রাজেডি: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
 
মওদুুদ বলেন, ‘ ধরে নিলাম, মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজা হয়ে গেলো, ভালো কথা। সাজা হয়েছে, আমরা আপিল ফাইট করবো। আপিল হল যে বিচার হয়েছে এর ধারাবহিকতা। তখন আমরা তার জন্য জামিন নিবো।  বেগম খালেদা জিয়ার সাজা প্রাপ্ত হলেও নির্বাচনে তিনি সরাসরি অংশ গ্রহণ করতে পারবেন। শুধু প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না, বরং তিনি দল এবং জোটের নেতৃত্ব দিতে পারবেন।  এমন একটা ভাব, উনি যদি সাজা প্রাপ্ত হয়ে যান তাহলে তিনি আগামী তিন বছর বা সাত বছর জেলখানায় থাকবেন। এটা হয় না। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপিল ফাইট করার পরপরই আমরা জামিনের জন্য দরখাস্ত করবো। এবং সাধারণত তিন বছর সাজা হলে এমনিতেই তো জামিন হয়। আর সাত বছর সাজা হলে অল্প কিছুদিনের ব্যবধানে জামিন নিশ্চিত হবে। খালেদা জিয়া জেলখানা থেকে আবার মুক্ত হয়ে ফিরে আসবেন। এটা-ই হল কথা। কিন্তু এটা নিয়ে নানা ধরনের  জল্পনা কল্পনা কথা বার্তা।
 
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।
 
ইত্তেফাক/মাহমুদুল