বিএনপি এখন সন্ত্রাসী সংগঠন : হাছান মাহমুদ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫২
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। কারণ কোন রাজনৈতিক দল আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে না, মানুষের গায়ে পেট্রোল বোমা ছুড়তে পারে না। বিএনপি যে সন্ত্রাসী দল সেই সত্যটি রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য কানাডার ফেডারেল আদালতকে ধন্যবাদ। 
 
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী ও দলের নেতৃবৃন্দের শহীদ মিনার অবমাননার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
‘কানাডার আদালতের রায় ছাত্রলীগের চক্রান্ত’ বিএনপি নেতা রিজভী আহমেদ ও মহাসচিবসহ বিএনপির অন্য নেতাদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেবের বক্তব্য অত্যন্ত হাস্যকর এবং উদ্ভট। তার কাছে আমার প্রশ্ন- পি.এস ব্রাউন নামে যে বিচারক এ রায় দিয়েছেন তিনি কি ছাত্রলীগ করতেন, নাকি তিনি আওয়ামী লীগ সমর্থক? প্রকৃতপক্ষে কানাডার বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন, সরকারও বিচার বিভাগের ওপরে কোন হস্তক্ষেপ করতে পারে না। আপনারা নিজদের কর্মকাণ্ডের জন্যই সন্ত্রাসের দল হিসেবে চিহ্নিত হয়েছেন।’
 
খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া যাবে না এমন বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতারা আবারো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালা-পোড়া ও সহিংসতার ইঙ্গিত দিচ্ছেন। তাছাড়া কানাডার আদালতের রায়েও উল্লেখ ছিল বিএনপি ভবিষ্যতেও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে - বক্তব্যে যোগ করেন হাছান মাহমুদ।
 
২১ ফেব্রুয়ারি খালেদা জিয়া পবিত্র শহীদ মিনারকে অপবিত্র করেছেন এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘যে দল এদেশের স্বাধীনতা চায়নি, যে দল এদেশের অস্তিত্বে বিশ্বাসী নয়, যারা ৭১ সালে পাকিস্তানিদের এদেশে গণহত্যা চালাতে সাহায্য করেছিল সেই জামায়াত-শিবিরের সঙ্গে খালেদা জিয়া জোট করেছেন। সুতরাং খালেদা জিয়ার কাছে কেবল শহীদ মিনার নয়, দেশও নিরাপদ নয়। আমি আশা করবো- যারা শহীদ মিনারকে অপবিত্র করেছে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’
 
চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জিএম আতিক, জিন্নাত আলী জিন্নাহ, শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
 
ইত্তেফাক/উজ্জল