ঠাকুরগাঁওয়ে ইজতেমার আখেরি মুনাজাত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন ভাল নেই। জীবন যাত্রার ব্যয় অনেকে বেড়েছে প্রতিনিয়ত দ্রব্য মূল্যে বাড়ছে। সেভাবে তাদের আয় নেই। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে মানুষের জীবন যাত্রা কঠিন হয়ে পড়েছে।
ইতোমধ্যে গ্যাসের দাম ২২.৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এতে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিকের উপর একটা চাপ পড়বে। সামগ্রিক ভাবে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। আমরা ইতোমধ্যে এটার প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছি।
সরকারের প্রতি আমরা দাবি জানিয়েছি গ্যাসের যে দাম বৃদ্ধি করা হয়েছে তা যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়। ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক বামপন্থী সিপিবি, বাসদ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে যে ২৮ তারিখ অর্ধ বেলা হরতাল ডেকেছে আমরা মনে করি এই হরতাল সকলের সমর্থন করা উচিত। আমরা আমাদের দলের পক্ষ থেকে হরতালের সমর্থন জানিয়েছি।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী জেলা ভিত্তিক ইজতেমা। জেলা তাবলীগ জামায়াত এ ইজতেমার আয়োজন করে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শুরু হয় আখেরি মুনাজাত। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ মাসুম।
ঠাকুরগাঁওসহ আশে পাশের বিভিন্ন অঞ্চলের লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এ আখেরি মুনাজাতে অংশ নেন। আখেরি মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। ইজতেমা গত ২৩ তারিখে শুরু হয়ে শেষ হলো আজ।
ইত্তেফাক/মাহমুদুল
