‘গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৪
গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 
 
শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ড. মোশাররফ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতার লোভে সরকার বেহুশ হয়ে পড়েছে। জনগণের পকেট কেটে রাজস্ব বাড়ানোর অযৌক্তিক পদক্ষেপ নিচ্ছে। সরকার গরীব মানুষদেরও ভ্যাটের আওতায় এনেছে। জনগণ এমনিতেই অর্থনৈতিকভাবে ত্রাহি অবস্থায় রয়েছে। আবারো গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জন্য ‘মরার উপর খাড়ার ঘাঁ’। গ্যাসের দাম বাড়ানোর ফলে সরকারের পছন্দের কিছু লোক লাভবান হবে।গ্যাসের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে, জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব নেই, দয়া-মায়া নেই। কারণ তারা জনগণের সরকার নয়।
 
জনস্বার্থে অবিলম্বে এই গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান বিএনপি’র এই নেতা। 
 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. মোশাররফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিলকিস আকতার হোসেন, পরিচালক খন্দকার মাহবুব হোসেন, ড. খন্দকার মারুফ হোসেন, ভিপি জাহাঙ্গীর আলম, ভিপি সাহাব উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট নাজমুল হুদা প্রমুখ।
 
ইত্তেফাক/উজ্জল