লালবাগে চাইনিজ রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫
রাজধানীর লালবাগ চৌরাস্তায় একটি চাইনিজ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কর্মচারী ও ছয় পথচারীসহ আটজন দগ্ধ হয়েছেন।
 
তারা হচ্ছেন- সবুজ (২০), মারুফ (২০), সাব্বির (২০), মকবুল (৩৫), সুনামুন্দিন (৫০), হযরত আলী (৫০), ফারহানা আক্তার পান্না (২৩) ও অজ্ঞাত (৩০) এক ব্যক্তি।
 
IMG0
 
আহতদের মধ্যে সবুজ ও মারুফ ওই রেস্তোরাঁর কর্মচারী এবং ফারহানা আক্তার পান্না ধানমন্ডি মডেল কলেজের বিবিএ’র ছাত্রী বলে জানা গেছে।
 
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে লালবাগের চৌরাস্তায় একটি চাইনিজ রেস্তোরাঁয় আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তারা আহত হয়। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে।
 
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সাংবাদিকদের জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/মণ্ডল