তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন দিয়ে মানুষ পুড়ানোর জন্য খালেদা জিয়াকে এক চুলও ছাড় দেয়া হবে না। আগুন সন্ত্রাস, জঙ্গি-সন্ত্রাসের উস্কানি, অন্তর্ঘাত-নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে খালেদা জিয়া নিজেই নিজেকে মামলায় জড়িয়েছেন। সরকার খালেদা জিয়াকে কোন জায়গায় ফাঁসায়নি।
শনিবার সিলেট সার্কিট হাউসে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জামায়াত-যুদ্ধাপরাধী ও জঙ্গিদের ইন্ধনদাতা। কাজেই বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না।
সুনামগঞ্জ জেলা জাসদ সভাপতি আ ত ম ছালেহের সভাপতিত্বে ও সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক কে কিবরিয়া চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্ত্য রাখেন নারী জোট নেত্রী আফরোজা হক রিনা, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, মৌলভীবাজার জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, হবিগঞ্জ বাহুবল উপজেলার সভাপতি আব্দুল কাইয়ুম, জাসদের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয় সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাসদের সভাপিত আব্দুল আউয়াল প্রমুখ।
ইত্তেফাক/উজ্জল
