চলতি বছরের বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনে ভোট দেওয়ার সুযোগই পাননি বরুণ ধাওয়ান। ভোটার তালিকায় নাকি নামই ওঠেনি বলিউডের নতুন প্রজন্মের সফলতম এই তারকার।
ফেমিনার খবর থেকে জানা যায়, তালিকায় নাম না থাকায় ভোট দিতে না পারলেও এ নিয়ে সহজে হাল ছাড়ছেন না বরুণ। নিজের নাম কেন উঠল না, এ নিয়ে খোঁজখবর নেবেন দ্রুত।
এই প্রসঙ্গে স্বাভাবিকভাবেই হতাশা চেপে রাখতে বেগ পেয়েছেন বরুণ। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমার নাম তালিকাতেই আসেনি। ব্যাপারটা খুবই উদ্ভট ঠেকছে আমার কাছে, কারণ গত বছর আমি ভোট দিয়েছি।
‘আমি নির্বাচন কমিশনের কাছে যাব। সেখানে গিয়ে দেখতে চাই যে আমার নাম কোথায় আছে’ জানান বরুন।
২৯ বছর বয়স্ক এই তারকা অবশ্য নিজে ভোট না দিতে পারলেও সবাইকেই ভোটের বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। ভোটের বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
ভোটার তালিকায় নিজের নাম খোঁজার অভিযানের পাশে বরুণ এখন মূলত ব্যস্ত সময় পার করছেন ছবির প্রচারণায়। আলিয়া ভাটের সঙ্গে তাঁর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটি এখন প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষণ গুনছে। স্বয়ং ‘বদ্রিনাথ’ যে এখন এ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাবেন, তা তো বলাই বাহুল্য!
