নির্বাচন প্রতিহত করার সক্ষমতা বিএনপির নেই: তোফায়েল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৪
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন প্রতিহত করার সক্ষমতা বিএনপির নেই। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন টিকেনি, কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন টিকেছে। বিশ্ববাসী এ নির্বাচন গ্রহণ করেছে। বিএনপি এ নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
 
শনিবার ঢাকায় এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই’ শীর্ষক ছায়া সংসদের বির্তক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিরোধী দল হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্কে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি জয়লাভ করে।
 
তোফায়েল আহমেদ বলেন, নির্ধারিত সময়ে বর্তমান সরকারের অধীনেই নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করবে। আমরা বিশ্বাস করি, বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন আর সংলাপের দাবি না করে বিএনপির উচিত হবে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা।
 
তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন প্রতিহতের নামে মানুষ হত্যা করা রাজনীতি হতে পারে না। আন্দোলন গণমুখী না হলে, সেই আন্দোলন কখনোই সফল হয় না। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, ২০০৫ সালে ৫টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনের নির্বাচনে জয়লাভ করেও বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সংলাপে অংশ না নিয়ে ভুল করেছে। তিনি বলেন, সরকার ইতিমধ্যে প্রমাণ করেছে বর্তমান সরকারের অধীনেই নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তাই নির্বাচন নিয়ে যে সংলাপ বা আলোচনার সম্ভাবনা নেই।
 

ইত্তেফাক/মণ্ডল