সমুদ্র দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৩৯

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সমুদ্রসম্পদ রক্ষায় বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুটি দেশের সাথে সমুদ্রসীমা বিরোধের মামলায় জয়লাভের পর বাংলাদেশের সামনে তা অপার সম্ভাবনা তৈরি করেছে। তিনি বলেন, সমুদ্র দূষণ রোধে প্রত্যেক দেশের আলাদা পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজন।

ইন্দোনেশিয়ার বালিতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ওশান সামিটে’ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থনীতিবিষয়ক সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার ভাইস  প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ কাল্লা। সম্মেলনটি গত শুক্রবার শেষ হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কাজটিও প্রভাবিত হয়েছে। বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় যে সম্পদ রয়েছে তা কাজে লাগানোর জন্য সরকার ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডকে শক্তিশালী করা হয়েছে। সমুদ্রসম্পদ আহরণে বিভিন্ন গবেষণা চলছে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ‘ব্লু ইকোনমি’ ধারণাকে এগিয়ে নিতে বেশকিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে; যা বাস্তবায়নের কাজ চলছে।

কনফারেন্সে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনাসহ বেশকিছু দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু