সময় এসেছে বইয়ের গুণগত মান বৃদ্ধির : মনিরুল হক, প্রকাশক অনন্যা প্রকাশনী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৪৩

অনন্যা প্রকাশনী বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রকাশক মনিরুল হক বললেন, এবারের মেলা বেশ ভালো হয়েছে। সত্যিকার অর্থেই এবারের মেলার বিন্যাস খুব ভালো হয়েছে। প্রশস্ত পথ। পাঠকরা  স্বচ্ছন্দে ঘুরতে পেরেছেন। পছন্দ মতো স্টলে দাঁড়িয়ে বই দেখেছেন কিনেছেন।

তবে এবারের মেলায় শিশু কর্নারের প্রতি তেমন নজর দেওয়া হয়নি। খুব ঘিঞ্জি হয়ে পড়েছে। দোকানগুলো চাপা। এই দিকটি আগামীতে প্রশস্ত করা প্রয়োজন। শিশুদের জায়গাটার যত্ন নিতে হবে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ শান্ত সে কারণে মেলায় মানুষের স্বতঃস্ফূর্ত আনাগোনা ছিল।

তবে আগামীতে ভালো মানের বই প্রকাশের দিকে বাংলা একাডেমি এবং প্রকাশক—সবারই নজর দেওয়ার প্রতি গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, বই সম্পাদনা ও শিশুতোষ বই তাদের উপযোগী হতে হবে। যারা বাজে বই ছাপছেন বা পাইরেটেড বই আনছেন মেলায়, এসব প্রকাশনা প্রতিষ্ঠানকে মেলায় স্টল বরাদ্দ বন্ধ করা জরুরি। প্রতিবছর বইমেলা কর্তৃপক্ষ এসব স্টলকে শাস্তি দেয়। কিন্তু পরের বছর আবার তারা স্টল বরাদ্দ পায়। এতে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বুঝে যায়, দোষ করলেও জোরালো কোনো শাস্তি হবে না। ফলে বইয়ের মানের দিকে তাদের নজর নেই।

তিনি বলেন, মৌসুমি প্রকাশকদের মেলায় স্টল বরাদ্দ দেওয়া বন্ধ না করলে বই প্রকাশনার মান বাড়বে না। কেননা মৌসুমি প্রকাশকদের কারণে প্রকৃত প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, বাংলা একাডেমি বিশাল পরিসরে সুন্দর মেলার আয়োজন করেছে। এটা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা। এখন সময় বইয়ের গুণগত মান বৃদ্ধির।

ইত্তেফাক/নূহু