কখনো দ্বিধান্বিত ছিলাম না, এখনো নেই: নগরবাউল জেমস

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৩
 
কেমন আছেন এদেশের রক লিজেন্ড জেমস। জানতে চাইলে বলেন, ‘আমি ভালো থাকি রে সবসময়।’ নগরবাউল কিংবা রক গানের গুরু খ্যাত জেমস তাই এখন ব্যস্ত নিজের গানের কিছু ফিউশন ওয়ার্ক আর স্টেজ কনসার্টে।
 
বর্তমান গান বা প্রচলিত ধারার রদবদল কিংবা কি হবে এই মিউজিক ইন্ডাস্ট্রির, কোথায় যাচ্ছে ইত্যাদি প্রশ্নে যেমন অনেকেই মাথা চুলকে গবেষণা করে শেষ হয়ে যাচ্ছেন তখন এসব বিষয়ে জেমসের কোনো টেনশন নেই।
 
‘সবসময়ই এধরনের আলোচনা আমরা শুনে আসছি। এসব আলোচনা তো নতুন নয়। হয়তো যখন এলপি রেকর্ড থেকে অডিও ক্যাসেটের যুগ এসেছে তখনো এই একই কথা শোনা গেছে। তাই ওসব নিয়ে কখনো কোনোদিন ভাবিনি। কারণ কোনো বিষয়ে কোনোদিন দ্বিধান্বিত ছিলাম না, এখনো নেই।’
 
এছাড়া একটি বিষয়ে ভীষণ এলার্জি নগরবাউল জেমসের। তা হলো টকশো। জেমসকে প্রচলিত ধারার কোনো টকশোতে দেখা যায় না বা কোনো অনুষ্ঠানের অতিথি হলেও ওই দু-এক কথায় শেষ করেন।
 
এই স্বভাববাদী জেমসকেই দেশের অগণিত দর্শক-শ্রোতা ভালোবাসেন।
 
জেমসের কথায়, ‘আমি গানের মানুষ, গানটাই তো আজকের শ্রোতার কাছে আমাকে জেমস বানিয়েছে। তাই অযথা কথা বলে কেন আমি তাদের বিরক্ত করবো। যা বলার তো গানেই বলেছি বা বলে যাচ্ছি। কথা বলার মানুষরা তো আলাদা। তারা না হয় কথা বলুক। কথাও চলুক সেখানে।’
 
ইত্তেফাক/আনিসুর