বাংলাদেশের পাসপোর্টে ইন্দোনেশিয়া যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হলেন চার রোহিঙ্গা। রবিবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গণ থেকে তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬)। তাদের সবাই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে তারা স্বীকার করেছেন।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, 'গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যাত্রীরা রবিবার সকালে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। দুপুরে সোয়া ১২টার মালয়েশিয়ান এয়ারযোগে (এম এইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা ছিল তাদের'।
আরও পড়ুন: রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব
তিনি আরও জানান, 'ওই চারজন আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে স্বীকার করেছেন। তারা সবাই বাংলাদেশি পাসপোর্ট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে'।
ইত্তেফাক/ জেডএইচডি
