শিশু জিহাদের মৃত্যু: মামলার রায় আজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫২
 
রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন অরক্ষিত পানির পাম্পের পাইপে পড়ে তিন বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে। 
 
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আকতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। মামলার সাক্ষ্য গ্রহণ চলাকালে চার্জশিটভুক্ত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া ৩ জন সাফাই সাক্ষী দিয়েছেন। 
 
এ মামলার সব আসামি জামিনে আছেন। আসামিরা  হলেন-  রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক, সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন ও ইলেকট্রিক্যাট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম। 
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে বাসার কাছে মাঠে খেলতে গিয়ে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল তিনটার দিকে জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কাউছার