শুধু ঘোষণার অপেক্ষা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১১
 
আজ ২৬ ফেব্রুয়ারি রাতে বসছে শোবিজ ‍দুনিয়ার সবচেয়ে বড় আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। বছরব্যাপী সিনেপ্রেমীদের তাই এটা নিয়ে আগ্রহের শেষ থাকে না। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে করা হয়েছে ‘অস্কার’র ৮৯তম জমকালো আয়োজন। ইতোমধ্যে সাজ-সজ্জা, পুরস্কার কিংবা সব রকমের প্রস্তুুতি শেষ হয়েছে। 
 
অস্কারের ৮৯তম আসর উপস্থাপনা করবেন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি কিমেল। প্রথমবার অস্কার মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন তিনি। মনোনয়ন ক্যাটাগরিতে ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি যা জেমস ক্যামেরনের ১৪ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ছুঁয়ে দিয়েছে।
 
দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে কল্প-বিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যারাইভাল’ ও ‘মুনলাইট’। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে হ্যাকস রিজ, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি। আর চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ফেন্সেস’ ও ‘হেল অর হাই’। 
 
মনোনয়নের পর থেকে পুরস্কার বিতরণের আগ পর্যন্ত কারা কারা পেতে পারেন পুরস্কার তা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। মনোনীত প্রার্থীদের মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে রয়েছেন রায়ান গসলিং (লা লা ল্যান্ড), কেসেই অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকস রিজ), ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যানটাসটিক), ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)।
 
শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে রয়েছেন এমা স্টোন (লা লা ল্যান্ড), ইসাবেল হুপার্ট (এলে), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)। শ্রেষ্ঠ সহ-অভিনেতা হিসেবে মাহেরশালা আলি (মুনলাইট), দেব প্যাটেল (লায়ন), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমালস)।
 
শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি), ভিয়োলা ডেভিস (ফেন্সেস), নিকোল কিডম্যান (লায়ন), নাওমি হ্যারিস (মুনলাইট), অক্টেভিয়া স্পেনসার (হিডেন ফিগারস)। অস্কার মঞ্চ মাতাবেন বিশ্ব সংগীতের এক ঝাঁক নক্ষত্র। লিন-ম্যানুয়েল মিরান্ডা, জন লেজেন্ড, স্টিং ও জাস্টিন টিম্বারলেকের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াবেন অস্কার মঞ্চ। এবারের আসরে মনোনয়ন পাওয়া পাঁচটি গান গাইবেন তারা। 
 
সব মিলিয়ে সারাবিশ্বে বিরাজ করছে দারুণ উত্তেজনা। হয়তো কিছু রেকর্ডও ভেঙ্গে যাবে আজকের রাতে। বাংলাদেশ সময় সোমবার জানা যাবে অস্কারের সব খবরাখবর। ডেইলি মেইল/গ্লোবাল টাইমস/ ইউএসএ টুডে। 
 
ইত্তেফাক/আনিসুর