রিয়ালকে টপকে শীর্ষে সেভিয়া

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪০
পিছিয়ে পড়েও লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ২-১ গোলের এক জয় তুলে নিলো সেভিয়া। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি।
 
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে ২৪ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫২। দুই ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও ৫২। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল। আর ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মেসির বার্সেলোনা।
 
এদিন নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে সেভিয়াকে চাপে রেখে খেলতে থাকে রিয়াল বেটিস। ম্যাচের ৩৬ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রিজা ডুরমিসি। তবে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ম্যাচের ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান গাব্রিয়েল মের্কাদো। আর ৭৬ মিনিটে  দলের  জয়সূচক গোলটি করেন ভিসেন্তে ইবোরা।

ইত্তেফাক/মাহাদী