সোমবার সিঙ্গাপুরের ফ্লাইট, রবিবার দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৮
বুলু দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর থাকেন। গত ৬ মাস হলো তিনি গ্রামের বাড়ীতে এসেছেন। প্রায় এক বছর আগে কেশবপুর তার বিয়ে হয়। সোমবার রাতে ছিল তার ফ্লাইট। এ  জন্য সে শ্বশুর বাড়ি থেকে বাড়ীতে এসে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল। কিন্তু সড়ক দূর্ঘটনাই কেড়ে নিল তার তরতাজা প্রাণটি।
 
সাতক্ষীরা তালা উপজেলার কুমিরায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন বুলু সরদার (২৭) নামের এই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে কুমিরা গ্রামের আফতাব সরদারের ছেলে।
 
রবিবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে কুমিরা মাইকেল মধু সড়কে বাবুর পুকুর নাম স্থানে প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক বুলু সরদার নিহত হন।
 
দুপুরে তার লাশ বাড়ীতে পৌঁছালে তাকে এক নজর দেখতে হাজার হাজার লোক বাড়ীতে ভিড় জমায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর