বাংলাদেশি অভিনেতা নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রফিক সিকদার। ‘হৃদয় জুড়ে’ নামের এই চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিএফডিসি ঝর্ণা স্পটে মহরত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মহরতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, হেরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোয়ায়েব হোসেন, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশি অভিনেতা নিরব। এ ছাড়াও কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা ও কলকাতার রজতাভ দত্ত ছবিটিতে অভিনয় করবেন। 'হৃদয় জুড়ে' ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন।
ইত্তেফাক/রেজা
