বিশ্বে কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এটা এখন একটা বিস্ফোরন্মুখ টাইম বোমা। আমাদের উচিত এই সমস্যাটির প্রতি সর্বাধিক মনোযোগ দেয়া। নইলে এ থেকে উদ্ভূত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিস্ফোরণ ঠেকানো যাবে না।
গত বুধবার জাপানের ‘বিজনেস ইউনিভার্সিটি ফোরাম’ এ মূল বক্তার ভাষণে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। বিজনেস ইউনিভার্সিটি ফোরাম একটি প্লাটফর্ম যেখানে ব্যবসায়ী নেতা ও শীর্ষ শিক্ষাবিদরা অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে মিলিত হন। টয়োটা মোটর কর্পোরেশনের অবৈতনিক চেয়ারম্যান ও বিজনেস ইউনিভার্সিটি ফোরামের সভাপতি ফুজিও কো অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন। ভাষণে ড. ইউনূস জাপানি ব্যবসায়ী ফোরামে প্রথাগত অর্থনৈতিক চিন্তাধারা বদলে ফেলার আহ্বান জানান।
একইদিন প্রফেসর ইউনূস টোকিওতে একটি যৌথ উদ্ভাবন কেন্দ্র উদ্বোধন করেন যেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত সকল ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র একটি সামাজিক ব্যবসা মডেলের প্লাটফর্মের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশে যৌথভাবে কাজ করতে সমবেত হয়।
ইত্তেফাক/মণ্ডল
