পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিলো সাকিব-তামিমের পেশোয়ার জালমি ও মাহমুদুল্লাহ’র কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। লীগ পর্বের গুরুত্বহীন ম্যাচে সাকিব-তামিমের পেশোয়ার ২ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ’র কোয়েটাকে। প্রথম পর্বে দু’দলের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো।
আগেই এবারের আসরের কোয়ালিফাইং নিশ্চিত করেছিলো পেশোয়ার ও কোয়েটা। তাই লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচটি গুরুত্বহীনই ছিলো তাদের কাছে। তারপরও জয়ের লক্ষ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পেশোয়ার। ব্যাটিং-এ নেমে ১২৮ রানেই গুটিয়ে যায় কোয়েটা। দলের পক্ষে কেভিন পিটারসেন ৪৩ বলে ৪১, রিলি রোসৌ ৩৮ ও মোহাম্মদ নওয়াজ ১৮ রান করেন। মাহমুদুল্লাহ রান খাতা খোলার আগেই ফিরেন প্যাভিলিয়নে। পেশোয়ারের মোহাম্মদ আসগর ৩ উইকেট নেন। সাকিব ৪ ওভারে ১ মেডেনে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট হাতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে পেশোয়ার। ফলে ম্যাচ জয় কঠিন হয়ে যায় তাদের। কিন্তু আট নম্বরে নামা শহিদ আফ্রিদির বিধ্বংসী ব্যাটিং-এ ৪ বল হাতে রেখে দুর্দান্ত এক জয়ের স্বাদ নেয় পেশোয়ার। আফ্রিদি ৩টি করে চার ও ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪৫ রান করেন। বাংলাদেশের তামিম ৭ ও সাকিব ১ রান করেন। ব্যাট হাতে রান করতে না পারলেও, বল হাতে ৩১ রানে ৩ উইকেট নেন মাহমুদুল্লাহ। ম্যাচের সেরা হয়েছেন পেশোয়ারের আসগর।
ইত্তেফাক/রেজা
