দেশে শান্তির মূল ভিত্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: ওমর ফারুক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০১
 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, 'শুধু অপরাধ দমন নয়, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভূমিকা রেখেছে তা সারা বিশ্বে অনুকরণীয়। এটা সম্ভব হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও দিক নির্দেশনার কারণে। তিনি এই বাহিনী গুলোকে জনগণের কল্যাণে নিয়োজিত করেছেন। এটাই বাংলাদেশের শান্তির মূল ভিত্তি।'
 
র‌্যাবের ডিজি বেনজির আহমেদ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাংলা একাডেমির বইমেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্টল 'যুবজাগরণ' পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে জনগণের সেবক। কিন্তু ৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশের উল্টো যাত্রা শুরু হয়।'
 
'জনগণের সেবক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বানানো হয় ক্ষমতা গ্রহণের হাতিয়ার, ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনী' উল্লেখ করে ওমর ফারুক বলেন, 'ফলে তারা হারায় কর্মদক্ষতা, দায়িত্ববোধ।'
 
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদ প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, স্থপতি নিখিল গুহ, যুগ্ম-সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, সাজ্জাদ হায়দার লিটন, মোহাম্মদ ইসলাম, শ্যামল কুমার রায়, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
 
ইত্তেফাক/জামান