এখনো ম্যানসিটিতে অনিশ্চিত তোরের ভবিষ্যৎ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৫
আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত বলে স্বীকার করেছেন মিডফিল্ডার ইয়াইয়া তোরে। বর্তমানে পেপ গার্দিওলার পরিকল্পনায় খুব একটা গুরুত্ব পাচ্ছেন না আইভরিকোস্টের সাবেক এই অধিনায়ক। তার এজেন্ট ও কোচের মধ্যে ভুল বুঝাবুঝির পর থেকে তিনি এক রকম নিস্ক্রিয়ই রয়েছেন। 
 
চলতি মৌসুমের পরই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এই আইভরিয়ানের। কিন্তু এখন পর্যন্ত ক্লাবে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। পাশাপাশি কোচ গার্দিওলা সিটি খেলোয়াড়দের গড় বয়স কমানোর চেষ্টায় রয়েছেন। যার মাধ্যমে ক্লাবটিকে ইংল্যান্ডের শীর্ষ দলে পরিণত করতে চান এই স্প্যানিশ কোচ।
 
তোরে বলেন, (চুক্তির মেয়াদ বাড়ানোর) বিষয়টি সিটি পরিচালকদের ওপর নির্ভর করছে। তবে সতীর্থদের সান্নিধ্য উপভোগ করছেন বলে দাবী করেন তিনি। তোরে বলেন, ‘আগামী মৌসুমে কি হবে সেটি আমি জানিনা। সেটি নিয়ে ভাবতেও চাইনা। আমি সতীর্থদের সান্নিধ্য উপভোগ করছি। এদের মধ্যে লেরয় শেন ও রাহিম স্টার্লিংয়ের মত খেলোয়াড়রা রয়েছে, যারা মাঝেমধ্যে আমাকে বল পাস দিয়ে বলে, আহ ‘আঙ্কেল ফোনের মধ্যে রয়েছে।’
 
আপনি আমার ক্যারিয়ারের দিকে তাকালে দেখবেন এক বছর, দুই বছর এবং সর্বোচ্চ তিন বছরর একটি ক্লাবে কাটিয়েছি। এটা দীর্ঘ একটি সময়। সমর্থকরা যখন আমাকে কিছু দিয়েছে, তখন এর প্রতিদানও আমি ফিরিয়ে দিয়েছি। সুতরাং শেষ মিনিট পর্যন্ত আমি আমার সামর্থ্যের পুরোটা কাজে লাগাব।’
 
তোরে বলেন, ‘সবকিছুই নির্ভর করছে বোর্ডের ওপর। এখানে আমার বলার কিছু নাই। আমি শুধু চেষ্টা করব ইতিবাচক খেলা দিয়ে সমর্থকদের জন্য ট্রফি জয় করতে।’
 
আইভরিকোস্টের এই তারকা ফুটবলার মনে করেন সিটিকে দেয়ার মত অনেক কিছুই এখনো তার রয়েছে। দলের সেরা একাদশে থাকার নিশ্চয়তা না থাকলেও সেটি তিনি করবেন। তিনি বলেন, ‘ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকাটা খুবই জরুরী। এর আগে বার্সেলোনায় আমার সেটা ছিল। সেখানে আমরা ছয়টি ট্রফি জয় করেছি। একাদশে টিকে থাকার জন্য তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণেই আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি।’
 
আগামী মে মাসে ৩৪ বছরে পা দিতে যাওয়া এই ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘৪০ বছরের কোটায় পড়া এই তারকার খেলা আমাদের প্রেরণা যোগাচ্ছে।’
 
ইত্তেফাক/সাব্বির