জাতীয় ওরিয়েন্টাল কুস্তিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রানার্স-আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ আনসার এবং তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ।
রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে আনসার ভিডিপি এবং ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতে চতুর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ।
এদিকে মহিলা বিভাগে ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১টি স্বর্ণ ও ৫টি রৌপ্য জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার এবং ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ।
পল্টন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগ) এবং বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ অন্যান্যরা।
ইত্তেফাক/মাহাদী
