খুলনার কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসান রনির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে অর্ধদিবস আইটি মার্কেট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা।
সোমবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হয়। ধর্মঘটের কারণে নগরীর জলিল মার্কেটের শতাধিক কম্পিউটার দোকান বন্ধ ছিল।
এর আগে শনিবার খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি (কেসিবিএস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইটি ব্যবসায়ীরা এ ধর্মঘটের ডাক দেয়।
খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল বলেন, ‘কম্পিউটার ব্যবসায়ীদের উপর বিভিন্ন সময় নানাভাবে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। যার ধারাবাহিকতায় রনিকে গুলি করা হয়েছে। কম্পিউটার ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলার কারণে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি।’
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি সকালে প্রাতঃভ্রমণকালে নাজমুল আহসান খুলনার পিটিআই মোড় সংলগ্ন খানজাহান আলী রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। তিনি নগরীর জলিল টাওয়ারে কম্পিউটার মার্কেটের চিপ্স অ্যান্ড বাইটস প্রতিষ্ঠানের মালিক।
ইত্তেফাক/সালেহ্
