মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: অভিযোগ গঠনের দিন মঙ্গলবার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪২
দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জ গঠনের দিন ২৮ মার্চ ধার্য হয়েছে।
 
সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার অভিযোগ গঠন শুনানির ধার্য দিন ছিল।  প্রসঙ্গত, আদালতে একজন আসামি বাদে অন্যরা উপস্থিত ছিলেন। আগে মামলার প্রধান আসামি সেন সুমন, তৈয়বুর ও আইনালের পক্ষের আইনজীবীরা মামলা থেকে তাদের অব্যাহতির আবেদন করেন। সোমবার আসামী ফরিদ ও সুমন কারিগরের পক্ষের আইনজীবীরাও অব্যাহতির আবেদন করেন। চার্জগঠনের জন্য সকল আসামির হাজির থাকার বিধান রয়েছে। তবে মুন্না নামে এক আসামি অন্য একটি মামলায় জেলহাজতে রয়েছে। তাই আদালত ২৮ মার্চ চার্জ গঠন ও এবং পাঁচ আসামির অব্যাহতির আবেদনের শুনানির দিন ধার্য করেন। 
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান জানান, আদালত ২৮ মার্চ চার্জ গঠন ও এবং পাঁচ আসামির অব্যাহতির আবেদনের শুনানির দিন ধার্য করেছে আদালত। 
 
উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের  দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মা নাজমা বেগমসহ মাতৃগর্ভে  নবজাতক সুরাইয়া গুলিবিদ্ধ  হয়। মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু মেয়ে সুরাইয়ার জন্ম হয়। পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয়।  এ ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছিলেন। পুলিশ তদন্ত শেষে ১৭ আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে। আসামীরা হলেন- সুমন সেন , আলী, মুজিবর , সুমন হোসেন , আব্দুস সোবহান, ফরিদ, সাগর , রাফি, সোহেল রানা, লিটন, মিল্টন, নজরুল, সোহবান, সোলেমান, তোতা, আয়নাল ও মুন্না। মামলার দুই নং আসামি আজিবর শেখ বন্দুকযুদ্ধে নিহত হন।
 
ইত্তেফাক/সালেহ্