জন্মশতবার্ষিকীর আগেই বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চায় সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আগেই সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘সিক্রেট ডকুমেন্টস্ অব ইনটিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ (খণ্ড-১ ও খণ্ড-২) বই বিতরণ করা হয়। এছাড়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আইন বিভাগের ৬১ শিক্ষার্থীদের প্রত্যেকে দশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনে নির্বাচন: দৌড়ে এগিয়ে কমেডি অভিনেতা

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে ড. মোমেন বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে ন্যায় ও জনগণের মঙ্গল প্রতিষ্ঠায় ছাত্র-ছাত্রীদের কাজ করা এবং বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে গবেষণা করার আহ্বান জানান।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহ গত ১৭ মার্চ থেকে ২০২০ সালের ১৭ মার্চ পর্যন্ত সারা বছর ওয়ার্কশপ, সেমিনার ও সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দূতাবাসসমূহকে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি পালন করা হবে। বঙ্গবন্ধুকে জানলে দেশকে জানা হবে, দেশের ইতিহাসকে জানা যাবে।

ইত্তেফাক/এমআই