পানিতে ফেলে শিশু হত্যার দায়ে আসামি মো. হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দেন।
২০১০ সালের ৩১ আগস্ট কুমিল্লার বুড়িচংয়ে নবজাতক শিশুকে পানিতে ফেলে হত্যা করে আসামি মো. হোসেন। এ ঘটনায় নিহতের আত্মীয় মো. লোকমান হোসেন বুড়িচং থানায় পরদিন হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১২ সালের ১০ এপ্রিল কুমিল্লার জেলা ও দায়রা জজ এআর মাসউদ আসামি হোসেনকে মৃত্যুদণ্ড দেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসেন। পাশাপাশি আসামি জেল আপিল দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ এবং আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত কৌসুলি হাসনা বেগম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আপিল খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রাখেন।
ইত্তেফাক/উজ্জল
