যারা পলিথিনের মোড়ক ব্যবহার করে পন্য বাজারজাত করে তাঁদের উপর আগামী বাজেটে ১% ইকোটেক্স আরোপ করতে হবে। ১০ম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির৩১ তম বৈঠকে সোমবার বিকেলে এই সিদ্ধান্ত সুপারিশ করা হয়।
সংসদ ভবনের ১ নং স্থায়ী কমিটি কক্ষে ডঃ হাছান মাহমুদ,এমপি র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাংসদ মোঃইয়াসিন আলী, নবী নেওয়াজ, গোলাম রব্বানীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় অবৈধ পলিথিন নির্মুলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ব্যাপক অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে মর্মে সভাকে অবগত করলেও অবৈধ পলিথিন বাজারে সয়লাব হওয়ায় কমিটি উদ্বেগ প্রকাশ করা হয়। অবৈধ পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে কমিটি সিদ্ধান্ত আকারে সুপারিশ করে। অবৈধ পলিথিন নির্মুলে জেলা ও উপজেলা পর্যায়ের সকল পরিবেশ কমিটিকে কার্যকর করে একযোগে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের বরাদ্দ খুবই কম হওয়ায় বাংলাদেশের জলবায়ুর ঝুঁকি বিবেচনায় আগামী অর্থ বছরের বাজেটে এর বরাদ্দ বাড়ানোর জন্য কমিটি সুপারিশ করে বিগত ৩ টি সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অধিকাংশ সিদ্ধান্ত ও সুপারিশসমুহ বাস্তবায়িত হওয়ায় পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করে।
ইত্তেফাক/রেজা
