নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুই তরুণ খেলোয়াড় ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিল ফেলুকুয়াইও’র পারফরমেন্সে খুশি দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গো। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড। এরপর ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে আবারো সিরিজে লিড নেয় প্রোটিয়ারা।
সিরিজে ২-১ ব্যবধানে লিড নেয়ার পর ডোমিঙ্গো বলেন, গেল এক বছরে তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স ছিল খুবই ভালো। যারা দলে এসেছে তারা সকলেই পারফরমেন্স করেছে এবং এটিই এখন দলের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। দলের সাথে থাকতে সবাই পারফরমেন্স করতে চায়। এটি খুবই ভালো যে, একজন বা দু’জন নয় অনেক নতুন খেলোয়াড় পারফরমেন্স করছে।
তৃতীয় ম্যাচে দুই তরুণ খেলোয়াড় প্রিটোরিয়াস ও ফেলুকুয়াইও’র পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত। প্রিটোরিয়াস ৫ রানে ৩ উইকেট এবং ফেলুকুয়াইও’র ১২ রানে ২ উইকেট নেন। ওয়ানডে দলের তরুণ খেলোয়াড়রা অলরাউন্ডারের মত দায়িত্ব পালন করছে এবং বোলিং-এ দলকে বেশি সহায়তা করছে। আমরা সহজেই ভুলে যাই, ওপেনার ও উইকেটরক্ষক কুইন্টন ডি ককও বয়সে তরুণ এবং টপ-অর্ডারে ইতিবাচক ব্যাটিং করে র্যাংকিং-এ উপরের দিকে আছে।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে অর্ধশতক করেছেন ডি কক। তবে শতক না পাওয়াটা হতাশাজনক বলে জানান ডোমিঙ্গো, অর্ধশতকগুলোকে সেঞ্চুরিতে রূপান্তরিত করতে না পারায় আমি নিশ্চিতভাবে বলতে পারি, ডি কক অনেক বেশি হতাশ। কারণ, ভালো খেলেও শতক না পেলে হতাশ হওয়াটা স্বাভাবিক। আমার মনে হয়, আউটের ধরনে কক আরো বেশি হতাশ। সে খুবই আক্রমণাত্মক খেলোয়াড় এবং তবে আমি তাকে খেলার খেলার ধরণ পরিবর্তন করতে বলব না। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং দলের জয়ে তার ভূমিকা থাকে সবসময়ই। সে এখনও তরুণ, এটি সে কঠিনভাবে বিশ্বাস করে। তার বয়স ২৪ বছর। দক্ষিণ আফ্রিকা জন্য বেশ কিছু ভালো আন্তর্জাতিক খেলোয়াড় পেয়েছে, যারা ইতোমধ্যে ২০০ ম্যাচে ১০ বা ১১টি শতক হাঁকিয়েছে। ডি কক ৭৭ ম্যাচেই ১২টি সেঞ্চুরি করেছে।
আগামী বুধবার নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে।
ইত্তেফাক/রেজা
