পাকিস্তানে খেলতে চান সাকিব!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৭
২০০৮ সাল থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একবারে বন্ধ হয়ে আছে। বিদেশী দল ও খেলোয়ারদের পাকিস্তানের মাটিতে ফিরিয়ে নিতে কম চেষ্টা করছে না পিসিবি। এই চেষ্টারই ধারাবাহিকতায় চলমান পিএসএল এর ফাইনাল পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি।
 
আর পাকিস্তানের এই সিদ্ধান্তের পর অনেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা সেখানে খেলেতে আপত্তি জানালেও উল্টো বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনকে সাকিব জানিয়েছেন, আরেকবার পাকিস্তানে খেলতে চান তিনি।
 
অবশ্য পাকিস্তান নিয়ে একটা ভালো লাগা থাকারই কথা সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি তো পেয়েছিলেন পাকিস্তানের মাটিতেই। মুলতানে ১০৮ রানের দুর্দান্ত সেই ইনিংসের আগের ওয়ানডেতে লাহোরেও করেছিলেন ৭৫ রান।
 
পাকিস্তানে না খেলতে পারলেও পাকিস্তান সুপার লিগে টানা দ্বিতীয়বারের মতো খেলছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মরুর মাটিতে এই প্রতিযোগিতায় তার সঙ্গী আরও সঙ্গী আছেন স্বদেশী মাহমুদুল্লাহ ও তামিম ।
 
সাকিব আরো বলেন, আমি সর্বশেষ পাকিস্তানে খেলেছি সেই ২০০৮ সালে। আমার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। দর্শক, মাঠ, আবহাওয়া, সমর্থক এবং পুরো পরিবেশটাই ছিল দুর্দান্ত। আমি সত্যি আশা করি, পরিস্থিতি ভালো হলেই আবারও পাকিস্তানে খেলতে পারব।
 
পিএসএল যদি আরব আমিরাতে না হয়ে পাকিস্তানে হতো, তাহলে আরও বেশি উত্তেজনা থাকত, আবেগ থাকত। পাকিস্তান খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আশা করি আস্তে আস্তে সব ভালো হয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ফিরে আসবে সেখানে, মন্তব্য সাকিবের।
 
এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রশংসা করে সাকিব বলেন, পিএসএল বিশ্বের অন্য লিগগুলোর প্রায় কাছাকাছি মানের। এমন প্রতিযোগিতা আয়োজন করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রশংসা করতেই হচ্ছে। সারা বিশ্বের খেলোয়াড়দের মেশার সুযোগ করে লিগগুলো কিন্তু পিএসএলের মতো এত চমৎকার আবহ সৃষ্টি করতে খুব কম বোর্ডই পারে!
 
ইত্তেফাক/রেজা