বজ্রপাত নিয়ন্ত্রণে গ্রাউন্ডিং রডের মান নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৪
বৈদ্যুতিক সংযোগে ব্যবহৃত ‘গ্রাউন্ডিং রড’ ব্যবহারের ক্ষেত্রে এর গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বজ্রপাত নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই গ্রাউন্ডিং রডের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার এ কে রাশেদুল হক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন। রাজধানীর মিজান মিয়া নামের এক ইলেকট্রিশিয়ান হাইকোর্টে এই রিট করেন।
 
গত বছরের ৫ মে ‘পল্লী বিদ্যুতের সংযোগে নিম্নমানের গ্রাউন্ডিং রড’ শীর্ষক শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘পল্লী বিদ্যুৎ সংযোগে নিম্নমানের গ্রাউন্ডিং (মাটির নিচে ব্যবহৃত) রড ও তার ব্যবহার বেড়েছে। এর ফলে বজ্রপাতে প্রাণহানি ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নষ্টসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। অকেজো গ্রাউন্ডিং রডের কারণে ইতিমধ্যে দেশের বিভিন্নস্থানে বড় দুর্ঘটনাও ঘটেছে। বজ্রপাত নিয়ন্ত্রণে গ্রাউন্ডিং রড বড় ধরণের ভূমিকা রাখে। 
 
প্রতিবেদনে বলা হয়, এই রড তৈরি নিয়ে ভয়াবহ জালিয়াতি চলছে। সংঘবদ্ধ চক্র পুরনো ঢাকার ধোলাইখাল, ধূপখোলা, যাত্রাবাড়ী ও লালবাগসহ বিভিন্ন স্থানে অবৈধ কারখানায় গোপনে এ সব রড নকল তৈরি করে বিক্রি করছে। যা ব্যবহার বিপদজনক ও মারাত্মক ঝুঁকিপূর্ণ। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। 
 
ইত্তেফাক/মাহমুদুল