হোয়াইট হাউস থেকে তথ্য পাচার রোধে কর্মকর্তাদের ফোন তল্লাশি শুরু হয়েছে। এই কাজে তদারকি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার। তিনি ফোনের প্রযুক্তিও বিশ্লেষণ করে দেখছেন।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও সূত্রের বরাত না দিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় সেগুলোকে ‘ভুয়া সংবাদ’ বলে আখ্যায়িত করেছেন। তবে ট্রাম্প প্রশাসন এখন গুরুত্বপূর্ণ তথ্য পাচার রোধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। এরই সূত্র ধরে প্রেস সেক্রেটারি অনেক কর্মকর্তাকে ডেকে পাঠান এবং তাদের ফোন তল্লাশি করেন। এমনকি তারা নতুন কোন প্রযুক্তির মাধ্যমে তথ্য পাচার করছেন কিনা সেটাও অনুসন্ধান করছেন।
গত সপ্তাহে এক বৈঠকে শন স্পাইসার কর্মকর্তাদের সরকারি এবং ব্যক্তিগত ফোন টেবিলে রাখতে বলেন এবং সেগুলো তল্লাশি করেন। এর আগে এ বিষয়ে স্পাইসার হোয়াইট হাউসের কাউন্সেল ডন ম্যাকঘানের সঙ্গে আলোচনা করেন। কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হোয়াইট হাউসের আইনজীবীরাও অংশ নেন। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, কেউ যদি তথ্য পাচার করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ এটা ফেডারেল রেকর্ডস আইনের লঙ্ঘন। ডেইলি মেইল।
ইত্তেফাক/সাব্বির
