‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ সিনেমা নিয়ে আসছেন তরুণ নির্মাতা মিজানুর রহমান লাবু। আসছে ৩১ মার্চ সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। গত ২৪শে জানুয়ারি কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পায় ছবিটি।
গতকাল সোমবার দুপুরে এফডিসির জহির রায়হান মিলনায়তনে মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এবং বিশেষ অতিথি ছিলেন আবদুল লতিফ বাচ্চু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ, সাফিউদ্দিন সাফি, এ জে রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু, মিজানুর রহমানসহ অনেকে।
জাদুর কাঠি মিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রে নুরু মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু এবং বিউটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত ক্যামেলিয়া রাঙা। তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে ছবির নির্মাতা মিজানুর রহমান লাবু আরেকটি ছবির শুটিংয়ে দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সংবাদ সম্মেলন তত্ত্বাবধান করেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান।
‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদৎ হোসেন, মাহমুদ, নাজিবা বাশারসহ অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান লাবু।
ইত্তেফাক/আনিসুর
