রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দ। শেষখবর হলো, জনপ্রিয় এ সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার এখন বেশ কিছুটা উন্নতি হয়েছে।
উল্লেখ্য, রবিবার সকালে অসুস্থ হয়ে পড়েন লাকী আখন্দ, অবস্থাও তখন সংকটাপন্ন হয়ে দাড়ায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়।
রবিবার রাতে লাকী আখন্দকে দেখে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর রাত ১১টার দিকে হাসপাতালে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। লাকী আখন্দের পাশে বসে জিজ্ঞেস করেন, ‘বন্ধু…লাকী ভাই কি খবর?’ ডাক শোনার সঙ্গে সঙ্গে লাকী আখন্দ চোখ মেলে তাকিয়ে ম্লাল হাসিতে ছলছল চোখে উত্তর দেন, ‘ভালো’।
আনিসুল তাকে আশ্বস্ত করেন, ‘আমরা আছি। ভয় নেই লাকী ভাই’। এর পর লাকী আখন্দ আবার ঘুমিয়ে পড়েন। বিদায় নেওয়ার সময় আনিসুল হক লাকী আখন্দের একটি পোট্রেট স্কেচের পাশে লিখে দেন, ‘বন্ধু ভালো হও। আমরা অপেক্ষায় থাকবো’।
গত বছর লাকী আখন্দের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। তখন ব্যাংককের হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথম দফায় শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে ঢাকায় নিজ বাসায় ফেরেন লাকী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নভেম্বরে তাকে ফের ব্যাংকক নেয়া হয়। এ অবস্থায় তার চিকিৎসায় এগিয়ে আসে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেন।
ইত্তেফাক/আনিসুর
