ইংল্যান্ড দলে ডাক পেলেন হেলস

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৪
ডান হাতের ইনজুরির কারণে এক মাস বিশ্রামে থাকার পরে ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে আবারো দলে ডাক পেয়েছেন ইংলিশ ওপেনার এ্যালেক্স হেলস। 
 
২৮ বছর বয়সী নটিংহ্যামশায়ারের এই ব্যাটসম্যান জানুয়ারিতে ভারত সফরে গিয়ে হাতে ব্যাথা পান। ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ১১টি টেস্ট ও ৪০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন হেলস। যদিও ২৭ জানুয়ারি ঘোষিত প্রাথমিক স্কোয়াডে হেলস ছিলেন না।
 
ধারণা করা হয়েছিল, পুরোপুরি সুস্থ হতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু যথাযথ পুনর্বাসনের পরে স্ক্যান রিপোর্টে তার সুস্থতার নিশ্চয়তা পাওয়া গেছে। গত বছর ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন হেলস। নিজের হোম গ্রাউন্ড ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৭১ রানের ইনিংস খেলেন। আগামী ৩ মার্চ থেকে এন্টিগাতে শুরু হওয়া প্রথম ম্যাচের তিনদিন আগে হেলস সতীর্থদের সাথে যোগ দিবেন। 
 
বিষয়টি নিশ্চিত করে ইসিবি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হেলস এন্টিগাতে পৌঁছাবে। 
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ইংল্যান্ড তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি এন্টিগাতে ও একটি বার্বাডোজে অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/মাহাদী