গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ২ মার্চ (বৃহস্পতিবার) দলটি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী জানান, দলের নেতা-কর্মীরা কোথায় অবস্থান কর্মসূচি পালন করবে তা বুধবার জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
গত ২৩ ফেব্রুয়ারি কারওয়ানবাজারে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
সংস্থাটি জানায়, ১ মার্চ থেকে বাসাবাড়িসহ সব ধরনের গ্যাসের দাম বাড়ছে। ১ মার্চ ও ১ জুন দুই ধাপে এ মূল্য বাড়ানো হবে। আবাসিকে ১ মার্চ থেকে এক বার্নার চুলার মূল্য হবে ৭৫০ টাকা এবং জুন থেকে সেটি হবে ৯০০ টাকা। এছাড়া ১ মার্চ থেকে দুই বার্নারের চুলার মূল্য হবে ৮০০ টাকা এবং ১ জুন থেকে সেটি ৯৫০ টাকা হবে।
ইত্তেফাক/মাহমুদুল
