ভ্রমণের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নিয়ন্ত্রণ দেশটির ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের স্বপ্নে ব্যাঘাত সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন। ফুটবলের এই মহা আয়োজনের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে খেলোয়াড়, সমর্থক, সাংবাদিকদের অবাধ প্রবেশের বিষয়টি আমলে নেয়া হবে বলে নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যাফেইন।
সুইজারল্যান্ডের ফিফা সদর দপ্তরে দেয়া ওই সাক্ষাৎকারে উয়েফা প্রধান বলেন, ‘বিশ্বকাপ আয়োজনে একটি দেশের ইমিগ্রেশনে পলিসিকেও মূল্যায়ন করা হয়। তাই আমি নিশ্চিত বর্তমান অবস্থাটি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে সহায়তা করবেনা। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি খেলোয়াড়রাই প্রবেশ করতে না পারে তাহলে সেখানে বিশ্বকাপের খেলা হতে পারবেনা। এটি যুক্তরাষ্ট্রের জন্য যেমন সত্যি তেমনি বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক অন্য দেশ গুলোর জন্যও সত্যি।
তিনি বলেন, ‘সমর্থক ও সাংবাদিকদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কারণ এটি বিশ্বকাপ। যে দেশেরই হোকনা কেন, ইভেন্টটির জন্য সেখানে তাদের যেতে হবে।’ ২০২৬ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য এখনো পর্যন্ত ফেভারিটের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। এটি তারা এককভাবেও আয়োজন করতে পারে, আবার উত্তর আমেরিকার দেশ কিংবা প্রতিবেশী দেশ কানাডার সঙ্গে যৌথভাবেও আয়োজক হতে পারে। ওই আসরে প্রথমবারের মত অংশগ্রহণকারী দল সংখ্যা ৪৮-এ উন্নীত করার কথা রয়েছে।
ইত্তেফাক/সাব্বির
