সেন্ট কিটসে অনুশীলন ম্যাচে ইনজুরিতে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ মার্চ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জ্যাক বলের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তৃতীয় ওভারে বোলিংয়ের সময় বল কিছুটা অস্বস্তি অনুভব করেন।
তখনই তাকে মাঠ থেকে বের করে আনা হয়, পরবর্তীতে আর তিনি মাঠে নামেননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিনি হয়তোবা ডান পায়ে ব্যথা পেয়েছেন। কিন্তু নিশ্চিত করে এখনো কিছু জানানো হয়নি। পুরো সিরিজ থেকে বল ছিটকে গেলে ইংল্যান্ডের হাতে বিকল্প হিসেবে রয়েছেন ক্রিস জর্ডান। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলছেন। এছাড়া অবশ্য সারের দুই ভাই টম ও স্যাম কারানের দিকেও নজর রয়েছে। দুজনেই বর্তমানে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলংকা সফরে রয়েছেন।
তবে শুধুমাত্র তিনটি ম্যাচের জন্য নতুন কাউকে না ডেকে ক্রিস ওকস, স্টিভেন ফিন, লিয়াম প্লানকেট ও বেন স্টোকসের ওপরই আস্থা রাখতে পারেন ইংলিশ নির্বাচকরা। এছাড়া দলে তিনজন স্পিনার তো রয়েছেন। সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে ইংল্যান্ডের ওয়ানডে বোলিং বিভাগ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেভিড উইলি, রিস টপলি, মার্ক উড বর্তমানে পুনর্বাসনে রয়েছেন। টি২০ বিশেষজ্ঞ টাইমাল মিলস ওয়ানডেতে খেলেন না। বাসস।
ইত্তেফাক/সাব্বির
