এক যুগেও বিচার শেষ হয়নি দুটি মামলার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৭
এক যুগ ধরে বিচারাধীন দুটি হত্যা মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই দুটি মামলায় দুই আসামিও দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। এই তথ্য আদালতে উপস্থাপনের পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
প্রসঙ্গত, ২০০৪ সালের ১৫ এপ্রিল থেকে কালাম ওরফে কাইলা কালাম (৪২) পাবনা কারাগারে এবং ২০০৫ সালের ১৮ অক্টোবর থেকে আব্দুল খালেক নাটোর কারাগারে বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা নিম্ন আদালতে বিচারাধীন। শতবার আদালতে হাজির করা হলেও নিষ্পত্তি হয়নি মামলা। বন্দিদের আদালতে হাজির করার পর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আনিচ উল মাওয়া। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
 
অ্যাডভোকেট আনিচ উল মাওয়া বলেন, মঙ্গলবার হাইকোর্টে চার কারা বন্দিকে হাজির করা হয়। অপূর্ব দাস নামের এক বন্দির বিষয়টি আজ আদেশের জন্য রাখা হয়েছে। তিনি নারী শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় ২০০৫ সালের ২২ জুলাই থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাকি দু’জনের মধ্যে একজন সৈয়দ শেখ জামিন পেয়েছেন। আরেক জন মো. সুমনের মামলার রায় দিয়েছে বিচারিক আদালত। 
 
ইত্তেফাক/মাহমুদুল