খুলনায় পুলিশের সাবেক কর্মকর্তার যাবজ্জীবন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০১
 
খুলনায় মাদক মামলায় মো. জাহিদুল ইসলাম খান (৩২) নামে পুলিশের সাবেক এক কর্মকর্তাকে যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত।
 
মঙ্গলবার বিকালে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন। এসময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। জাহিদুল বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী গ্রামের আলী আজগার খানের ছেলে।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৫মে রাত ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি মোটরসাইকেলে করে জাহিদুল খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ পুলিশ তাকে আটক করে। ওই সময় তিনি খুলনা সদর থানায় কর্মরত ছিলেন।
 
এঘটনায় ডুমুরিয়া থানার সহকারী উপপরির্শক কামরুল ইসলাম মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মহসিন হোসেন একই বছরের ১৬ জুন আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
 
ইত্তেফাক/জামান