প্রথম টেস্টে ভারতকে হারিয়ে দেওয়ার পরে অস্ট্রেলিয়া শিবিরে স্টিভ ও’কিফ এখন নায়ক। কিন্তু তাইবলে দল ভুলে যায়নি পেসার মিশেল স্টার্কের কথা। প্রথম টেস্টে রিভার্স সুইংয়ে ভারতের ব্যাটসম্যানদের ভয় ধরিয়েছিলেন তিনি।
বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার গেমপ্ল্যানে বেশ বড় একটা অংশ হয়ে উঠতে চলেছে তাই মিশেল স্টার্ক।
বেঙ্গালুরু টেস্টে ভালো করতে হলে তিনি দলের উদ্দেশ্যে কিছু টোটকাও দিয়েছেন। যেমন, প্রথম ইনিংসে বড় স্কোর করতে হবে ব্যাটসম্যানদের। দুই, নতুন বলের চেয়েও গুরুত্ব দিতে হবে পুরনো বলকে। তিন, যাতে বল তাড়াতাড়ি রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যায়, তার উপর নজর দিতে হবে। যেমন, ফিল্ডারদের বলের এক দিকের পালিশটা ঠিক রাখতে হবে। চার, টেস্টের আগে নেটেও রিভার্স সুইংয়ের অনুশীলন চালাতে হবে তাঁকে আর জস হ্যাজলউডকে।
মোদ্দা কথায়, এই মুহূর্তে বিশ্বের সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার বলছেন, বেঙ্গালুরুর উইকেটে রিভার্স সুইংয়েই মারতে হবে ভারতকে।
স্টার্ক বলেছেন, আমরা জানি, প্রথম ইনিংসের রানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যদি একটা ইউনিট হিসেবে খেলতে পারে, বড় রান তুলতে পারে, তা হলে আমরা দারুণ জায়গায় থাকব। কারণ আমরা জানি, ওদের কুড়িটা উইকেট নেওয়ার মতো বোলার আমাদের আছে। সে উইকেট স্পিন করুক বা রিভার্স।
ভারতে খেলার অভিজ্ঞতা থেকে স্টার্ক একটা জিনিস খুব ভাল করে বুঝে গিয়েছেন। নতুন বলে খুব বেশি সুইং পাবেন না। যা করতে হবে তাই বলটা পুরোনো হলে।
ইত্তেফাক/রেজা
