সেমিফাইনালের প্রথম লেগে নাপোলিকে হারালো জুভেন্টাস

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৫:৩৮
কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে বড় জয় পেয়েছে জুভেন্টাস। মঙ্গলবার নিজেদের মাঠে ৩-১ গোলে তারা হারিয়েছে নাপোলিকে। এই জয়ে ফাইনালে এক পা দিয়েও রাখলো ইতালিয়ান সিরি’এ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
 
গত কয়েক মৌসুম ধরেই ইতালিয়ান ফুটবলে এককভাবে রাজত্ব করছে জুভেন্টাস। তবে এই মৌসুমের শুরুতে কিছুটা ভিন্ন রুপ দেখা গেছে। যদিও স্বরুপে ফিরতে খুব বেশি সময় নেয়নি জুভারা। ঘরের মাঠে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা জুভেন্টাস এখন সিরি’এ লিগেও পয়েন্ট টেবিলের সবার ওপরে অবস্থান করছে। মঙ্গলবার কোপা ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগ জেতায় আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছে জুভেন্টাস।
 
তবে প্রথম লেগের ম্যাচে কিন্তু স্বাগতিকদের চমকেই দিয়েছিল নাপোলি। দারুণ এক গোল করে নাপোলিকে এগিয়ে দেন জোসে ক্যালিজন। অবশ্য সফরকারীদের খুব বেশিক্ষণ উল্লসিত থাকতে দেয়নি জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ৪৭ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই উড়তে থাকা আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন। এর পাঁচ মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন দিবালা। আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগটি হবে নাপোলির মাঠে। 
 
ইত্তেফাক/রেজা