টক শো উপস্থাপনায় পারভেজ মুশাররফ

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:১৬
টিভি সাংবাদিকতায় নাম লিখিয়েছেন সাবেক পাকিস্তানি সামরিক শাসক পারভেজ মুশাররফ। রবিবার দুবাইয়ে অবস্থানরত এই সাবেক প্রেসিডেন্ট পাকিস্তানের বোল টিভিতে ‘পাকিস্তান ফার্স্ট উইথ প্রেসিডেন্ট মুশাররফ’ নামের টক শো উপস্থাপনা করেন।
 
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেছিলেন মুশাররফ। তখন ক্ষমতায় ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ৯ বছর পরে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন। রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে মামলায় অভিযুক্ত গত বছর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশ ছাড়েন তিনি। মুশাররফ নিজেকে নির্দোষ দাবি করেন।
 
রবিবার প্রচারিত প্রথম পর্বে সাবেক সেনাপ্রধান সরাসরি দুবাই থেকে বোল টিভির সঙ্গে যুক্ত হন। অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে পাকিস্তানে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসব জঙ্গি হামলার পর পাকিস্তানের চলমান জঙ্গিবাদ বিরোধী অভিযানের প্রেক্ষাপটে তিনি বলেন, আগে মৌলবাদের প্রধান কারণ চিহ্নিত করে তা নিরসনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
 
মুশাররফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আইনজীবীরা। চার বছর আগে নির্বাচনে ক্ষমতায় পুনরায় আরোহণ করেন নওয়াজ। মুশাররফের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধের বিষয় বলে বিবেচিত হচ্ছে। গত বছর দেশত্যাগের অনুমতি দেয়ার পরে এখনো দেশে ফেরেননি মুশাররফ। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির