সোনারগাঁও থেকে ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে টিপরদী এলাকা থেকে ডিবি পুলিশের কাজে ব্যবহৃত হাতকড়া, ওয়াকিটকি, লাঠি ও ২টি প্রাইভেটকার এবং বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, দীর্ঘদিন যাবত সোনারগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি প্রতারকচক্র সাধারণ মানুষকে বিভিন্নভাবে জিম্মি করে নগদ অর্থসহ গাড়ী ও মালামাল হাতিয়ে নিচ্ছিল। মৌখিক এমন অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকদিন যাবত সোনারগাঁ থানা পুলিশ এ চক্রটিকে ধরার জন্য কাজ করে আসছিল। অনেক চেষ্টার পর বুধবার দুপুরে সোনারগাঁও থানার এসআই আব্দুল হকের নেতৃত্বে ফাঁদ পেতে ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়।
ওসি আরো জানান, থানা পুলিশ ফাঁদ হিসেবে একটি বালুর বস্তা নিয়ে লেগুনা যোগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুরের দিকে যাচ্ছিল। সোর্সের মাধ্যমে ভুয়া ডিবি পুলিশকে জানানো হয় সেই বস্তায় জমি বিক্রির ৬৫ লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরে ভুয়া ডিবি পুলিশের চক্রটি (ঢাকা মেট্টো গ-২৫-৯০৬৮ ও ঢাকা মেট্টো চ-১১-৪৭৮৬) দুটি প্রাইভেটকার নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় লেগুনার গতিরোধ করে। এসময় লেগুনাতে সাদা পোশাকে বালুর বস্তা নিয়ে ফাঁদ পেতে থাকা সোনারগাঁ থানার এএসআই হাবিব ও উদয়কে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চক্রটি বস্তাসহ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সোনারগাঁ থানা পুলিশের একাধিক টিম তাদেরকে ঘটনাস্থলেই আটক করে। আটককৃতদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, এক জোড়া হ্যান্ডকাপ, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একটি ওয়াকিটকি, একাধিক ভুয়া ওয়ারেন্টের কাগজ ও দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
