'দেশে (ভারতে) ২০কোটি মুসলমান রয়েছে। তাদের সবার একটা করে কবর দরকার। হিন্দুস্তানে এত জমি কোথায়? কাউকে কবর দেওয়ার প্রয়োজন নেই।' এই মন্তব্য করে বিতর্কের মুখে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র সাংসদ সাক্ষী মহারাজ।
উত্তর প্রদেশের জেলা উন্নাওনে'র একটি জনসভায় সাক্ষী মহারাজ বলেন, 'দেশে আর কবরস্থানের জন্য জমি দেওয়া যাবে না। দেশে দু-আড়াই কোটি সাধু-পীর রয়েছেন। তাদের মৃত্যুর পর সমাধি তৈরির দরকার হবে। এর জন্য জমি লাগবে। এত জমি নেই।'
গত সোমবারে নিজের নির্বাচনী অঞ্চলের এই জনসভায় সাক্ষী মহারাজ আরও বলেন, 'আইন করে নতুন কবর স্থান তৈরি বন্ধ করতে হবে।'
অবশ্য, ফেব্রুয়ারির প্রথম দিকে নরেন্দ্র মোদী নিজেই কবরস্থান এবং শ্মশান নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'যদি কোনও গ্রামে একটা কবরস্থান বানানো হয়, তা হলে সেখানে একটা শ্মশানও বানিয়ে দেওয়া উচিত। রমজানের সময় যদি বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে, তাহলে দিওয়ালীর সময়ও তেমনই হওয়া উচিত। কোনও বৈষম্য থাকা উচিত নয়।' সাক্ষী মহারাজ সে বিতর্ক আবার উস্কে দিলেন। মোদীর চেয়ে এক ধাপ এগিয়ে তিনি বললেন, 'কবর দেওয়ার ব্যবস্থাই তুলে দেওয়া উচিত।' তথ্যসূত্র-আনন্দবাজার পত্রিকা।
ইত্তেফাক/জামান
