ব্যতিক্রমী গল্পের খোঁজে

আপডেট : ০২ মার্চ ২০১৭, ০৯:৫১
 
প্রতিনিয়তই টিভি নাটকে-টেলিফিল্মে অভিনয় করছেন মৌসুমী হামিদ। কিন্তু মাঝে মাঝে কিছু ব্যতিক্রমী গল্প এবং চরিত্র পেয়ে যান যাতে একটু বেশিই মনোযোগ দিয়ে কাজ করেন। ঠিক তেমনি একটি নাটকের স্ক্রিপ্ট পেয়েই কাজ করতে সম্মতি প্রকাশ করেন মৌসুমী হামিদ।
 
নাটকের নাম ‘শর্টকাট ভালোবাসা’। নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু এবং নির্মাণ করেছেন মো. রবিউল শিকদার। এই নাটকে ‘রায়না’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। রায়নাকে ভালোবাসে রাজন ও রোমেল। কিন্তু কার ভালোবাসার টানে কার কাছে ছুটে যাবেন রায়না, তাই নিয়ে রায়নার মাঝে সিদ্ধান্তের অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। নানা মানসিক দ্বন্দ্বে এগিয়ে যায় নাটকের গল্প।
 
গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান ও সজল।
 
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘এই ধরনের গল্পে নিজের চরিত্রকে যথাযথভাবে উপস্থাপন করাটা একটু কঠিনই বৈকি। শুকু আপার স্ক্রিপ্টে এর আগেও কাজ করেছি। এককথায় তিনি অসাধারণ গল্প লিখেন। আমার চরিত্রটিতে আমি আমার অভিনয়ের উত্থান-পতন বেশ ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। রবি ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। নতুন এই কাজটিও আশা করি দর্শকের অনেক ভালো লাগবে।’
 
নির্মাতা মো. রবিউল শিকদার জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। এর আগে একই পরিচালকের নির্দেশনায় ‘পাইন্যা ভূতের প্রেম’ নাটকে অভিনয় করেছিলেন মৌসুমী হামিদ। এই নাটকে মৌসুমী হামিদের অভিনয় বেশ প্রশংসিত হয়।
 
এদিকে চলতি বছরের মাঝামাঝি সময়ে মৌসুমী হামিদ অভিনীত সুমন আনোয়ার পরিচালিত ‘কয়লা’ চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর